
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আলজেরিয়া। দলে জায়গা পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। আর দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকে।
বর্তমানে স্পেনের গ্রানাডা ক্লাবে খেলা লুকা জিদান আলজেরিয়ার তিন গোলরক্ষকের একজন হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও গত বছর থেকে তিনি আলজেরিয়ার প্রতিনিধিত্ব করছেন। লুকা ও তাঁর বাবা দুজনেরই জন্ম ফ্রান্সে। তবে তাঁদের পারিবারিক শিকড় আলজেরিয়ায়।
দলে ফিরেছেন অভিজ্ঞ মধ্যমাঠের খেলোয়াড় নাবিল বেনতালেবও। পাশাপাশি চোটের কারণে আফ্রিকা কাপ অব নেশনস মিস করা হুসেম আউয়ার ও আমিন গুইরিকেও বিশ্বকাপের দলে রেখেছেন প্রধান কোচ ভ্লাদিমির পেটকোভিচ।
সর্বশেষ দুই বিশ্বকাপে খেলতে না পারা আলজেরিয়া এবার পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়া।
আলজেরিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
রক্ষণভাগ: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।
মিডফিল্ড: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি।
আক্রমণভাগ: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।
ক্রিফোস্পোর্টস/১জুন২৬/টিএ






















