ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০৩০ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের নাম আলোচনায় ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো।
ফ্রান্সের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় জিদান। ১৯৯৮ সালে নিজের দেশের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও দারুণ সফলতা পেয়েছেন। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শিরোপা জিতিয়েছেন। ২০২১ সালে দ্বিতীয়বারের মতো রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ সময় কোনো দলের দায়িত্ব নেননি।
ফ্রান্সের দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিদান বলেন, জাতীয় দলের কোচ হওয়া তাঁর জন্য অনেক বড় সম্মান ও গর্বের বিষয়। তিনি বলেন, দেশের জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। এই দায়িত্ব আনন্দের হলেও এর সঙ্গে অনেক বড় দায়িত্বও জড়িয়ে আছে। তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে তাঁর ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান।
একই সঙ্গে জিদান জানান, জাতীয় দলকে নিয়ে তাঁর অনেক পরিকল্পনা ও লক্ষ্য রয়েছে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে প্রস্তাব এলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। সঠিক সময় ও উপযুক্ত সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়েই ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিদানের যাত্রা শুরু হবে। ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলটিকে নতুন সাফল্যের পথে ফেরানোর দায়িত্ব এখন তাঁর কাঁধে।
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৬/টিএ



