Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

World record in international T20s: six wickets for just two runs.
২ রানে ৬ উইকেট শিকার করেছেন নাবিল মাস্টার। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে ঝলক দেখালেন বতসোয়ানার মিডিয়াম পেসার নাবিল মাস্টার। ৭ বছর পর জাতীয় দলে ফিরেই এক অবিশ্বাস্য বোলিং রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট শিকার করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই বোলার।

রোববার (২৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইয়ে মালির বিপক্ষে এই বিশ্ব রেকর্ড গড়েন নাবিল। ২.৪ ওভার বল করে ১মেডেনসহ মাত্র ২ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। তার বোলিং ইকোনমি ছিল মাত্র ০.৭৫।

নাবিলের এই ছয়টি উইকেটেই এসেছিল জোড়ায় জোড়ায়। অর্থাৎ দুবারই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও কোনো হ্যাটট্রিকের দেখা পাননি। ম্যাচের অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই টানা দুটি উইকেট তুলে নেন নাবিল। তবে তৃতীয় বলে উইকেট না আসায় হ্যাটট্রিক মিস করেন।



একই ওভারের শেষ বলে আরেকটি উইকেটের দেখা পান নাবিল। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই আরেকটি উইকেট শিকার করেন তিনি। তবে এবারও হ্যাটট্রিক মিস করেন। এরপর নিজের তৃতীয় ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে ৬ উইকেট পূর্ণ করেন। তবে মালি অলআউট হয়ে যাওয়ায় আর হ্যাটট্রিকের সুযোগ ছিল না নাবিলের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান দিয়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন সিঙ্গাপুরের বোলার হার্শা ভরদ্বাজের দখলে ছিল। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার হার্শার সেই রেকর্ড ভেঙে শীর্ষে নাম লেখালেন নাবিল।

এই তালিকায় আরও কয়েকজন তারকা বোলারদের নাম রয়েছে। ২০১৯ সালে ভারতের দীপক চাহার বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এছাড়া অজান্তা মেন্ডিস ও সিরাজুল ইদরুসও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই কীর্তি গড়েছেন।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট