
আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার তরুণ ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে। মাত্র ১৫ বছর বয়সে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড। বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার কীর্তি এখন তার দখলে।
শুক্রবার ল্যাগোসে নাইজেরিয়ার আমন্ত্রণমূলক নারী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ঘানার বিপক্ষে এই রেকর্ড গড়েন ফ্যানি। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তিনি খেলেন দুর্দান্ত একটি ইনিংস। ৬৫ বল মোকাবিলা করে ১৭টি চার মেরে অপরাজিত ১১১ রান করেন এই কিশোরী ব্যাটার। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনি।
এই সেঞ্চুরির সময় ফ্যানির বয়স ছিল ১৫ বছর ২২৩ দিন। এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কেউ সেঞ্চুরি করতে পারেননি। আগের রেকর্ডটি ছিল উগান্ডার প্রোসকোভিয়া আলাকোর দখলে। তিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার ক্ষেত্রেও ফ্যানি গড়েছেন নতুন ইতিহাস। এর আগে নারী টি-টোয়েন্টিতে অভিষেকে সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের ৯৬। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি। ফ্যানি সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন সহজেই।
শুধু নারী ক্রিকেট নয়, ছেলে-মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও এত কম বয়সে সেঞ্চুরির নজির নেই। এর আগে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। ২০২১ সালে নিজের ১৬তম জন্মদিনে তিনি অপরাজিত ১২১ রান করেছিলেন। পুরুষদের মধ্যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন, তার বয়স ছিল ১৮ বছর ২৮০ দিন।
ফ্যানির অসাধারণ ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রান তোলে রুয়ান্ডা। জবাবে ঘানা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তারা ২০ ওভারে ৮৮ রানে থেমে যায়। ফলে ১২২ রানের বড় ব্যবধানে জয় পায় রুয়ান্ডা।
অভিষেক ম্যাচেই এমন পারফরম্যান্সে ফ্যানি এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এত অল্প বয়সে এমন সাফল্য ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৬/টিএ























