Connect with us
ক্রিকেট

২৪ বছর পর আফ্রিকায় ফিরছে বিশ্বকাপ, চূড়ান্ত হলো ১২ ভেন্যু

চূড়ান্ত হলো ২০২৭ বিশ্বকাপের ১২টি আয়োজক শহর। ছবি: সংগৃহীত

২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ১২টি আয়োজক শহরের নাম ঘোষণা করেছে। মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই তিন দেশে।

বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, পার্ল ও ব্লুমফন্টেইন এই আটটি শহরে ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস মাঠে।

জিম্বাবুয়ের তিনটি শহর হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসেও বিশ্বকাপের ম্যাচ হবে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলস প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক শহরের তালিকায় জায়গা পেয়েছে। চলতি বছরের শেষ দিকে সেখানে নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে অনুষ্ঠিত হবে অন্তত তিনটি ম্যাচ।



২০২৭ সালের বিশ্বকাপে নতুন প্রতিযোগিতা পদ্ধতি দেখা যাবে। শুরুতে নিচের সারিতে থাকা তিনটি দল একটি বাছাই পর্বে খেলবে। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে। এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের সেরা দলগুলো দ্বিতীয় পর্বে উঠবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করবে।

দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। একই সময়ে বিশ্বকাপ বাছাইপর্বের কিছু ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ওই সময় দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় মাঠে দেশটির ঘরোয়া প্রতিযোগিতা চলবে বলে সেগুলো বাছাইপর্বে ব্যবহার করা হবে না।

২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। সেবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে আসর আয়োজন করেছিল। এবার কেনিয়ার জায়গায় যুক্ত হয়েছে নামিবিয়া। সিনিয়র পর্যায়ে এটিই হবে দেশটির প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৪ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। প্রায় দেড় মাসব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে ২১ নভেম্বর। তিন দেশের ১২টি শহরে ছড়িয়ে থাকা এই আসরকে স্মরণীয় করে তুলতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজকেরা।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট