
বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। এর মধ্যেই ভিসা জটিলতায় পড়েছে ইরান ফুটবল দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে গেলেও এখনও যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পায়নি দলটি।
ইরান ফুটবল ফেডারেশন আশা করছে, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে। ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, দলটি শনিবার স্পেনের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে তারা যাবে মেক্সিকোর তিজুয়ানায়। আগামী মঙ্গলবার বা তার পরের দিন মেক্সিকোতে প্রবেশের অনুমতি মিলতে পারে। এরপর দ্রুতই যুক্তরাষ্ট্রের ভিসাও পাওয়ার আশা করছেন তারা।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন শহরকে বেছে নিয়েছিল ইরান। তবে নিরাপত্তাজনিত কারণে পরে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়। ফেডারেশনের অনুরোধে দলের প্রস্তুতি শিবির সরিয়ে নেওয়া হয় মেক্সিকোর তিজুয়ানায়। ফলে নতুন করে ভিসা প্রক্রিয়ার প্রয়োজন দেখা দেয়।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে খেলবে ইরান। ১৫ জুন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন, সিয়াটলে মিসরের বিপক্ষে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে সামরিক হামলার ঘটনার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে আন্তর্জাতিক ফুটবল সংস্থা নিশ্চিত করে যে ইরান নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেবে।
ভিসা নিয়ে জটিলতা আরও বাড়ে এপ্রিলে। অতীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মেহদি তাজের কানাডায় প্রবেশের অনুমতি বাতিল করা হয়। ওই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে কানাডা ও যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান দলের সঙ্গে থাকা ব্যক্তিদের বিষয়ে তাদের সরকার সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, খেলোয়াড় বা কোচিং স্টাফদের নিয়ে কোনো আপত্তি নেই। তবে খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন এবং বিতর্কিত কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
সব ধরনের অনিশ্চয়তার মধ্যেও বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান। দেশের ঘরোয়া ফুটবল কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে তুরস্কের আনতালিয়া শহরে অনুশীলন করছে দলটি।
ক্রিফোস্পোর্টস/৩জুন২৬/টিএ






















