Connect with us
ক্রিকেট

নারী বিপিএলের সূচিতে পরিবর্তন, যুক্ত হলো আরেকটি ভেন্যু

Women's BPL schedule changes, another venue added
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- গেটি

ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল। তবে ৩ ফ্রাঞ্চাইজি নিয়ে আগামী মাসে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড।

পূর্বের সূচি অনুযায়ী আগামী ৪ থেকে ১১ এপ্রিল টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। তবে টুর্নামেন্ট শুরু সময় তিন মাস। নতুন সূচি অনুযায়ী আগামী ১০ থেকে ২১ জুলাই নারী বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি-এর উদ্বোধনী আসর এখন ১০-২১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে। তিন দলের এই টুর্নামেন্টটি এর আগে ৪-১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’



মূলত ফ্রাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট শুরুর সময় পিছিয়েছে বিসিবি। দল গঠন, বিদেশি খেলোয়াড় দলে টানা এবং অন্যান্য প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন ফ্রাঞ্চাইজিগুলোর। এ কারণেই টুর্নামেন্ট শুরুর সময় পিছিয়েছে বোর্ড।

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায়, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রধান অংশীদারদের সাথে আলোচনার পর বিসিবি টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এতে দলগুলো স্কোয়াড গঠন, আন্তর্জাতিক খেলোয়াড় নিয়োগ এবং পরিচালনগত পরিকল্পনাসহ প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাবে।’

তিন ফ্রাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। নারী বিপিএলের জন্য একটি ভেন্যুও বাড়ানো হয়েছে। শুরুতে ঢাকা ও চট্টগ্রামকে ভেন্যু হিসাবে শুরুতে নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন করে যুক্ত হয়েছে বগুড়া। সব ঠিক থাকলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী ম্যাচ। এরপর চট্টগ্রাম ও ঢাকায় খেলবে দলগুলো। বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকা শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

উল্লেখ্য, নারী বিপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির জন্য আইকন হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের তিন ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারিকে। তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট