Connect with us
ক্রিকেট

মার্চে হতে পারে নারী বিপিএল : দুই ভেন্যুতে খেলা, থাকছে বড় চমক

Women BPL in mirpur stadium
নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান বিসিবি পরিচালক রুবাবা দৌলা। ছবি- সংগৃহীত

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে নারী ক্রিকেটারদের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখছে নারী বিপিএল। চলতি মাসেই বিসিবি এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেও, বোর্ড মিটিং শেষে জানা গেছে নির্ধারিত সময়ের কিছুটা আগেই মাঠে গড়াতে পারে আসরটি।

প্রাথমিকভাবে ৩ থেকে ১৫ এপ্রিল আসরটি আয়োজনের কথা ছিল। তবে রোববার বিসিবির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টটি এগিয়ে আনা হতে পারে মার্চের শেষ সপ্তাহে।

বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটি দ্রুত শেষ করার পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত।



নারী বিপিএলের প্রথম আসরটি আয়োজিত হবে দুটি ভেন্যুতে। ঢাকার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। বিসিবির একজন পরিচালক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিলামে নামবে ৩ ফ্র্যাঞ্চাইজি

প্রথম আসরে মোট ৩টি দল অংশগ্রহণ করবে। ড্রাফট পদ্ধতির চেয়ে এখানে ক্রিকেটার ভেড়াতে নিলাম পদ্ধতির দিকেই বেশি ঝুঁকছে বিসিবি। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বিশ্বের নামী-দামী বিদেশি ক্রিকেটারদেরও এই আসরে দেখা যাবে বলে জানা গেছে। আইপিএল, বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের মতো বড় লিগগুলোর আদলেই সাজানো হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি আসর।

নারী বিপিএল সফলভাবে আয়োজনের জন্য গঠন করা হয়েছে গভর্নিং কাউন্সিল। যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। তার নেতৃত্বেই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে নারীদের এই জমকালো টি-টোয়েন্টি আসর।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট