বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তনের আভাস মিলছে। কয়েক দিন ধরেই মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল। এবার সেই আলোচনা আরও জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন অধিনায়কের নাম চূড়ান্ত হতে পারে।
বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের হাতেই ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলেও একই দায়িত্ব দেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে নেতৃত্ব দিয়ে ভালো ধারণা দেওয়ায় ভবিষ্যতের পরিকল্পনায় হৃদয়কে গুরুত্বপূর্ণ জায়গায় রাখছে বোর্ড।
শুরুর দিকে ওয়ানডে নেতৃত্বে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনার আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই ভাবনা থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ধারণা, শান্ত টেস্ট ক্রিকেটে মনোযোগ দিলে দল বেশি লাভবান হবে। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে লিটনের নেতৃত্ব নতুন একটি দিক খুলে দিতে পারে।
গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে দলের অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। পরে তাঁর দায়িত্বের মেয়াদ ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু বিদেশের মাটিতে তাঁর নেতৃত্বে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র দুটি জিততে পেরেছে দল। সেই পরিসংখ্যানও নেতৃত্বে পরিবর্তনের আলোচনাকে আরও জোরালো করেছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবু বোর্ডের ভেতরের আলোচনা বলছে, নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনাই বেশি। আগামী পরিচালনা পর্ষদের বৈঠকের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে। তখনই পরিষ্কার হবে, বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করা হয় কি না।
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৬/টিএ



