
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে পুরো একাদশে বদল এনেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সে ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলসহ নিয়মিত একাধিক তারকা ফুটবলার। তবে কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে আবারও মূল একাদশে ফিরছেন স্কালোনির ভরসার খেলোয়াড়রা।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে অধিনায়ক লিওনেল মেসিকে। পাশাপাশি এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো মার্টিনেজও ফিরছেন প্রথম একাদশে।
স্কালোনি কয়েকটি জায়গায় চমক রাখতে পারেন বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর ধারণা। বিশেষ করে লেফট-ব্যাক পজিশনে ফাকুন্দো মেডিনার বদলে অভিজ্ঞ নিকোলাস ত্যাগলিয়াফিকোকে খেলানোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, জর্ডানের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজকেও কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে রাখতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে লওতারো মার্টিনেজকে। আর্জেন্টিনার আক্রমণভাগ অতিরিক্ত মেসিনির্ভর হয়ে পড়ায় গোলমুখে আলভারেজের ফিনিশিং দক্ষতাকে কাজে লাগাতে চাইতে পারেন কোচ।
এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, টটেনহ্যামের এই ডিফেন্ডার এখন পুরোপুরি ফিট এবং কেপ ভার্দের বিপক্ষে খেলতে প্রস্তুত। যদিও দীর্ঘ টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দিয়ে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডিকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মিডফিল্ডে অবশ্য বড় কোনো পরিবর্তনের পথে হাঁটতে চান না স্কালোনি। এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলকে হোল্ডিং মিডফিল্ডে রেখে ম্যাক অ্যালিস্টারকে প্লেমেকার ভূমিকায় খেলানোর পরিকল্পনাই রয়েছে তার। ফলে নিকো পাজ ও লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চেই থাকতে হতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দে মেডিসা, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লওতারো মার্টিনেজ।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/এনডি



















