
সাম্প্রতিক সময়ে বাইশ গজে বেশ ব্যস্ত সময় পার করছেন দলের দুই অন্যতম তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাদেরকে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রাখা হয়নি মুস্তাফিজ ও রানাকে। এছাড়া দলের আরেক সিনিয়র পেসার তাসকিন আহমেদকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
মূলত দীর্ঘদিন টানা খেলার মধ্যে থাকার কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে তাদেরকে। তাসকিন সবশেষ পাকিস্তান সিরিজের পর কিছুটা বিশ্রামের সুযোগ পেলেও মুস্তাফিজ এবং রানা সেই সুযোগ পাননি। পাকিস্তান সিরিজের পর তারা পিএসএলে যোগ দেন। এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলতে পিএসএলের মাঝপথে জাতীয় দলে যোগ দেন তারা।
তিন তারকা পেসারের বিশ্রাম প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘অবশ্যই আমরা টি-টোয়েন্টি দলে কিছু নতুন মুখ দেখতে চাইছি। এই সুযোগে নাহিদ রানা ও তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ানডে ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে রানার বিশ্রাম দরকার ছিল।’
দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টাইগারদের টেস্ট দলের বোলিং বিভাগেও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রানা। টেস্ট সিরিজে তার কাছ থেকে সেরাটা পেতেই বিশ্রাম দেওয়া হয়েছে এই এক্সপ্রেস পেসারকে।
এদিকে মুস্তাফিজ চোটের কারণে প্রথম ওয়ানডেতে টসের আগমুহূর্তে দল থেকে ছিটকে যান। এরপর দ্বিতীয় ওয়ানডেতেও একাদশে রাখা হয়নি তাকে। তবে চট্টগ্রামে সিরিজনির্ধারণী তৃতীয় ওয়ানডেতে একাদশে ফিরতে পারেন কাটার মাস্টার। তাছাড়া গুঞ্জন রয়েছে, ওয়ানডে সিরিজ শেষে ফের পিএসএলে যোগ দিতে পারেন এই বাঁহাতি পেসার। তাছাড়া রানার পিএসএলে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৬/বিটি



















