
সৌদি ফুটবল মহলে এখন আলোচনার কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কোনো গোলের রেকর্ডের জন্য নয়, বরং ক্লাবের মালিকপক্ষ অর্থাৎ সৌদি আরবের সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সংবাদ শিরোনামে পর্তুগিজ সুপারস্টার। ক্ষুব্ধ রোনালদো প্রতিবাদস্বরূপ আল নাসরের হয়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
সৌদি আরবের শীর্ষ চার ক্লাব— আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ এবং আল আহলির মালিকানা রয়েছে পিআইএফ-এর হাতে। রোনালদোর অভিযোগ, বাকি তিনটি ক্লাবের পেছনে সরকারি সংস্থাটি যেভাবে অকাতরে অর্থ ঢালছে, আল নাসরের ক্ষেত্রে তারা চরম কৃপণতা দেখাচ্ছে।
চলতি মরসুমে আল নাসর মাত্র একজন ফুটবলারকে সই করিয়েছে। অন্যদিকে, আল হিলাল ইতোমধ্যেই দুই নামী তারকাকে দলে ভিড়িয়েছে। পিছিয়ে নেই আল ইত্তিহাদ এবং আল আহলিও।
রোনালদোর মতে, ইচ্ছা করে আল নাসরকে বঞ্চিত করে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে শক্তিশালী করা হচ্ছে। এই বৈষম্য মেনে নিতে পারছেন না সিআর সেভেন।
স্থানীয় সংবাদমাধ্যম এবং পর্তুগিজ সংবাদপত্র ‘আ বোলা’-র খবর অনুযায়ী, ২ ফেব্রুয়ারি আল রিয়াধের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবেন না রোনালদো। যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে প্রখ্যাত দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজ়িয়ো রোমানো নিশ্চিত করেছেন যে, রোনালদোকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এসএ






























