Connect with us
ফুটবল

জোড়া গোল করে ভিনির মতো উদযাপন, কেন আলোচনায় নেইমার?

ভিনি ও নেইমার। ছবি- সংগৃহীত

আবারও আলোচনায় ব্রাজিলের ফুটবল সেনসেশন নেইমার।ব্রাজিলিয়ান লিগে জোড়া গোল করে মেতেছেন এক ভিন্ন সেলিব্রেশনে। তার উদযাপনই এবার আলোচনার মূল কেন্দ্র। গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে দাঁড়িয়ে ভিনিসিয়ুস জুনিয়রের মতো নেচে সমর্থনের বার্তা দেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সান্তোস এফসি-র জার্সিতে ভাস্কো দা গামা-র বিপক্ষে ম্যাচে দুটি গোল করেন নেইমার। প্রথম গোলের পরই দেখা যায়, তিনি কর্নার ফ্ল্যাগের কাছে ভিনিসিয়ুসের পরিচিত ভঙ্গিতে নাচছেন। গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ, আর মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এ বেনফিকা-র বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস। গোলের পর তার নাচ ঘিরে বিতর্ক তৈরি হয়, এমনকি তাকে হলুদ কার্ডও দেখানো হয়। অভিযোগ ওঠে, প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকেও তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। ঘটনাটি বিশ্ব ফুটবলে বর্ণবাদ প্রসঙ্গকে আবারও তীব্র আলোচনায় নিয়ে আসে।



এই ঘটনার পর ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলেন নেইমার। তিনি জানান, “তুমি আবার গোল করলে একইভাবে উদযাপন করবে, আমিও ঠিক সেটাই করব।”

ব্রাজিলের মাঠে সেই কথারই প্রতিফলন ঘটালেন নেইমার। তার উদযাপন ছিল স্পষ্ট বার্তা—আনন্দ প্রকাশ কোনো অপরাধ নয়, আর বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।

নেইমারের ফর্মে ফেরাটা ব্রাজিল জাতীয় দলের জন্যও ইতিবাচক ইঙ্গিত। বিশ্বকাপ প্রস্তুতির প্রেক্ষাপটে অভিজ্ঞ এই তারকার ছন্দে ফেরা কোচিং স্টাফের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল