
অদম্য টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার দুর্বারের বিপক্ষে মাঠে নেমেছিল ধূমকেতু একাদশ। টানটান উত্তেজনার সেই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য দুর্বারের দরকার ছিল ৭ রান। ওভার বাকি ছিল অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু সবাইকে অবাক করে অধিনায়ক লিটন দাস বল তুলে দিয়েছেন তরুণ মুকিদুল ইসলাম মুগ্ধর হাতে। ওই ম্যাচে ৩ বল বাকি থাকতেই ২ উইকেটে হেরে যায় লিটনের ধূমকেতু।
কেন মুস্তাফিজকে বসিয়ে মুগ্ধকে বোলিংয়ে আনা হলো, এ নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে আলোচনা। ম্যাচ শেষে সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন ধূমকেতুর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
তিনি বলেন, লিটন মূলত তরুণ ক্রিকেটারদের কঠিন পরিস্থিতিতে বাজিয়ে দেখতে চেয়েছিলেন। এতে আমি অবাক হইনি। আমার মনে হয় লিটন চেয়েছিল মুগ্ধকে একটা বড় অভিজ্ঞতা দিতে। মুস্তাফিজের তো এমন পরিস্থিতিতে বল করার অভিজ্ঞতা প্রচুর। মুগ্ধ যদি এই ম্যাচ জেতাতে পারত, তবে এটি ওর ক্যারিয়ারের জন্য বড় একটি মাইলফলক যেয়ে যেত।
তিনি আরও বলেন, লিটন সবসময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে পছন্দ করেন। লিটনের সঙ্গে কাজ করে বুঝেছি, সে বোলারদের ব্যাক করে। ফিজ কী করতে পারে তা আমরা সবাই জানি। কিন্তু ওই পরিস্থিতিতে একজন তরুণকে সুযোগ দেওয়াটা ইতিবাচক দিক।
৪ ওভার পূর্ণ না করার রহস্য
শুধু শেষ ওভারই নয়, মুস্তাফিজের ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ না করা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দলটির সহকারী কোচ স্পষ্ট কোনো উত্তর দিতে না পারলেও তিনি ধারণা করছেন, দলের বোলিং অপশন বেশি থাকাই এর কারণ।
তিনি বলেন, আমাদের ৩ জন কোয়ালিটি স্পিনার ও ৩ জন সিম বোলার আছে। সে কারণেই হয়তো ফিজকে পুরো কোটা বল করানো হয়নি। তবে আশা করি ফাইনাল ম্যাচে তাকে পূর্ণ কোটাতেই দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৬/এসএ



























