বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে ১০০টি ম্যাচ শেষ হয়েছে। শিরোপার লড়াইয়ে টিকে আছে চার দল, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। সেমিফাইনালের আগে এই চার দলের সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার।
বিশ্বকাপ শুরুর আগে সেমিফাইনালে এই চার দলই উঠবে বলে পূর্বাভাস দিয়েছিল অপটা। এবার ২৫ হাজার সম্ভাব্য ফল বিশ্লেষণ করে তারা জানিয়েছে, শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। সুপারকম্পিউটারের হিসাবে, ফরাসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। একই সঙ্গে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ।
ফ্রান্সের সাফল্যে বড় ভূমিকা রাখছেন কিলিয়ান এমবাপ্পে। এই বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত ৮ গোল করেছেন। সমান ৮ গোল রয়েছে লিওনেল মেসিরও। অন্যদিকে উসমান দেম্বেলের গোল ৫টি। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে দুজনই গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন।
স্পেনও রয়েছে দারুণ ছন্দে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা। ওই ম্যাচেই এবারের বিশ্বকাপে প্রথমবার গোল হজম করে স্পেন। এর আগে টানা ৬৪৯ মিনিট কোনো গোল খায়নি দলটি। ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। এই সময়ে তাদের জয় ২৭টি, ড্র ৯টি। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।
অপটার হিসাবে, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২ দশমিক ৩ শতাংশ। তবে শিরোপা জয়ের সম্ভাবনায় তারা দ্বিতীয় স্থানে, ২৩ দশমিক ৪ শতাংশ।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সুপারকম্পিউটারের হিসাবে, ফাইনালে ওঠার সম্ভাবনায় ইংল্যান্ড সামান্য এগিয়ে। ২৫ হাজার বিশ্লেষণের মধ্যে ৫০ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে ইংল্যান্ডকে বিজয়ী দেখানো হয়েছে। আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ১ শতাংশ।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ইংল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। তাদের সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ধরা হয়েছে ২০ দশমিক ৬ শতাংশ, যা শেষ চারে থাকা চার দলের মধ্যে সবচেয়ে কম।
অবশ্য এসবই পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস। মাঠের লড়াইয়ে যেকোনো দলই ফল বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ কার হাতে উঠবে, সেটির উত্তর মিলবে আগামী কয়েক দিনের ম্যাচেই।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৬/টিএ



