Connect with us
ক্রিকেট

বাংলাদেশ থেকে বিশ্বকাপের ম্যাচ দেখাবে যারা

T-20 world cup
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না। সরকারি সিদ্ধান্তে ভারতে না যাওয়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে বিসিবি। তবে দল না থাকলেও দর্শকদের জন্য থাকছে বিশ্বকাপ দেখার সুযোগ। কোন কোন মাধ্যমে বাংলাদেশে ম্যাচ দেখা যাবে, সে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে টিএসএম এবং র‍্যাবিটহোলবিডি অ্যাপ। এর পাশাপাশি টি-স্পোর্টস ও নাগরিক টিভিতেও ম্যাচ দেখা যাবে। দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্ট সম্প্রচারের অভিজ্ঞতা রয়েছে টিএসএমের। র‍্যাবিটহোলবিডি অ্যাপ মূলত গাজী টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম।

টুর্নামেন্টের আয়োজক ভারত তাদের দেশে স্টার স্পোর্টসের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে ম্যাচ দেখাবে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে ডায়লগ টিভি। সেখানেও ডিজিটাল মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকবে।



মূল আসর শুরুর আগে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে প্রস্তুতিপর্ব। সেই ম্যাচগুলোও বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপে দেখা যাচ্ছে। প্রস্তুতি ম্যাচের সম্প্রচার সূচিও আলাদা বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আইসিসি।

৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলবে ৮ মার্চ পর্যন্ত। সব মিলিয়ে ম্যাচ হবে ৫৫টি। পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোয়, অন্যথায় ফাইনাল আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। তবে দল না থাকলেও বিশ্বকাপের উত্তাপ থেকে বঞ্চিত হতে হচ্ছে না দেশের দর্শকদের। ঘরে বসেই দেখা যাবে পুরো আসর।

এদিকে, বাংলাদেশ না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কলকাতার ইডেন গার্ডেন্সকে ঘিরে যে উন্মাদনার আশা করা হয়েছিল, বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বাংলাদেশ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর থেকেই আশঙ্কা ছিল দর্শক উপস্থিতি কমবে। এখন সেই শঙ্কাই যেন বাস্তব চিত্রে রপ নিয়েছে।

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট