বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক লিওনেল মেসি বলেন, আর্জেন্টিনা এখন বিশ্বের সেরা দল। কেউ তা মেনে নিক বা না নিক, মাঠের ফলই সেটি প্রমাণ করছে।
ম্যাচে ৫৫ মিনিটে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেজের গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুই গোলেই অবদান ছিল মেসির। খেলা শেষে তিনি বলেন, এই দলের অর্জন কোনো ভাগ্যের ফল নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রমের ফল।
মেসি বলেন, ‘মানুষ এই সময়টা উপভোগ করুক। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি। গত চার বছর ধরে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। মানুষ পছন্দ করুক বা না করুক, বিশ্বের সেরা দল আমরাই। আমাদের সাফল্য কাকতালীয় নয়। কেউ আমাদের কিছু উপহার দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কঠিন কাজ, আর আমরা সেটাই করে দেখিয়েছি।’
এবারের বিশ্বকাপে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। কয়েকজন ফুটবলার চোট নিয়েও খেলেছেন। দল নিয়ে নানা সমালোচনাও হয়েছে। তবু নকআউট পর্বে প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে লিওনেল স্কালোনির দল। শেষ মুহূর্তে গোল করে মিসরকে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃঢ়তা দেখিয়েছে তারা।
এখন আর্জেন্টিনার সামনে শেষ পরীক্ষা। আগামী রোববার নিউ জার্সিতে স্পেনের মুখোমুখি হবে মেসির দল। সেই ম্যাচে জিততে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইতিহাসে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নেবে আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৬/টিএ



