
দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় দলের স্পিডস্টার তাসকিন আহমেদ এবারের ঈদও উদযাপন করছেন ঢাকাতে। ঈদের সকালে নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া দেশের ক্রিকেট ও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও কথা বলেছেন এই টাইগার ক্রিকেটার।
ঈদের চিরচেনা আমেজ ও অনুভূতি প্রকাশ করে তাসকিন বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সামনেও এই তাওফিক দেন। সবাই দোয়া করবেন, যেন আল্লাহ সুস্থ রাখেন।
এদিকে ঈদের ছুটির আমেজের মাঝেই চলে এলো ক্রিকেট প্রসঙ্গ। সামনেই রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। অজিদের বিপক্ষে এই লড়াইকে বেশ কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাসকিন। তবে কঠিন প্রতিপক্ষ হলেও নিজেদের সামর্থ্যের ওপর পুরোপুরি আস্থা রয়েছে তারকা এই পেসারের।
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে, ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে।
আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই সফরের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে এই গতি তারকা জানান, তিনি এখনই দূর অতীতের দিকে তাকাচ্ছেন না। বরং বর্তমানের ম্যাচগুলোতেই বেশি মনোযোগী হতে চান।
তিনি বলেন, ইনশাআল্লাহ, ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো দেরি আছে। তার আগে বেশ কিছু খেলা আছে। বর্তমান নিয়েই চিন্তা করছি।
ক্রিফোস্পোর্টস/২৮মে২৬/এসএ























