
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে দুর্দান্ত এক অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। লাল-সবুজদের হয়ে প্রথম ম্যাচেই পায়ের জাদু দেখিয়েছেন রোনান। সাফের শিরোপা জয়ের মিশনে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন এই তরুণ।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক রোনান সুলিভান। তাই ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই।

গোলের পর রোনান সুলিভানের উদযাপন। ছবি- সাফ
বাংলাদেশের জার্সিতে অভিষেকে ম্যাচসেরা হয়ে বেশ উচ্ছ্বসিত রোনান। এখন তার চোখ ভারত ম্যাচে। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতকেও হারাতে চান রোনান। একইসঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও জিততে চান ১২ নম্বর জার্সিধারী এই ফুটবলার।
ম্যাচসেরার পুরস্কার গ্রহণের পর রোনান বলেন, ‘এটা অসাধারণ এক অনূভুতি। জয়টা আমাদের জন্য দুর্দান্ত ছিল। পরের ম্যাচে আমরা ভারতকে হারাতে চাই এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও জিততে চাই।’
এদিন ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে ম্যাচের ৫৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান। ম্যাচের ৬৭তম মিনিটে বাংলাদেশের লিড বাড়িয়ে দেন তিনি। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান রোনান।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামী ২৮ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/বিটি



















