Connect with us
ক্রিকেট

অবসরের গুঞ্জন উড়িয়ে যা বললেন মাহমুদউল্লাহ

mahmudullah riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- গুগল

সদ্য সমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সকে সংখ্যা বানিয়ে মাঠের পারফরম্যান্সে নিজের সক্ষমতা প্রমাণ করে চলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে চলমান ‘অদম্য কাপে’ তাকে দেখা না যাওয়ায় ক্রীড়াঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই গুঞ্জন ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কথা বলেছেন মাহমুদউল্লাহ।

অদম্য কাপে না থাকা প্রসঙ্গে বিন্দুমাত্র আক্ষেপ নেই এই অভিজ্ঞ ক্রিকেটারের। তিনি বলেন, আমি এখন আর কারেন্ট ক্রিকেটার নই, জাতীয় দলের বিবেচনায় থাকার মতোও নই। আমি আমার খেলা খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে জার্নিটা দারুণ ছিল।



তিনি বলেন, এখন যারা জাতীয় দলে খেলছে বা যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে আছি, নিজের কাজ করছি এবং এতেই আমি খুশি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও মাঠের ক্রিকেটকে এখনই বিদায় বলতে নারাজ রিয়াদ। নিজের ফিটনেস ও খেলার তাড়না নিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমি এখনও ফিট আছি এবং ক্রিকেট খেলতে চাই। সবকিছু নির্ভর করছে শরীর ও পারফরম্যান্সের ওপর। যতদিন অনুভব করব আমার ভেতরে ক্ষুধা ও তাড়না আছে, ততদিন খেলে যাব।

দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের জার্সিতে মাঠ মাতানো এই ক্রিকেটার এখন ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া ক্রিকেট উপভোগ করতে চান। তিনি বলেন, বিপিএল, প্রিমিয়ার লিগ বা যদি বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাই, আমি খেলব। আমি বর্তমান সময়টা উপভোগ করছি।

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট