Connect with us
ক্রিকেট

বড় ভাইদের থেকে যা শিখেছি, এখন কাজে লাগাতে চাই : মিরাজ

Mehidy Hasan Miraz
মেহেদি হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

দীর্ঘ সময় পর তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভিন্ন ভিন্ন অধিনায়কের অধীনে খেলবে টাইগাররা। গত মাসে নাজমুল হোসেন শান্তর থেকে টি-টোয়েন্টির নেতৃত্বভার সরিয়ে লিটনকে দায়িত্ব দেওয়া হয়। শান্তকে শুধু টেস্টের দায়িত্বে বহাল রেখে এবার ওয়ানডের জন্য মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১২ জুন) ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের নাম ঘোষণা করে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেয়ে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। বাংলাদেশ ওয়ানডে দলকে কীভাবে সামনে এগিয়ে নেবেন সেই কথা জানাতে গিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়কদের প্রসঙ্গ চলে আসে।

অতীতে দেখা গেছে বিভিন্ন সময় অধিনায়কদের অনেক প্রশংসা করতেন মিরাজ। এখন তিনি অধিনায়ক হিসেবে বাকি খেলোয়াড় কিংবা তরুণদের কীভাবে অনুপ্রাণিত করবেন, এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীনে। এ পর্যন্ত অনেক অধিনায়কের অধীনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন সেগুলো কাজে লাগাতে হবে।’



‘সময় এসেছে আমাদের দায়িত্ব নেওয়ার। আমরা ৮-৯ বছর ধরে জাতীয় দলে খেলেছি। এখন আমাদের আরো ভালো পারফর্ম করতে হবে। তাছাড়াও জুনিয়র ক্রিকেটারদেরও এগিয়ে যাওয়ার সময় এখনই।’ ―তিনি যোগ করেন।


আরও পড়ুন:

» প্রথমবার অস্ট্রেলিয়ার বিগব্যাশে নাম লেখালেন বাবর

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্রিকেটাররা পরলেন কালো ‘আর্মব্যান্ড’


অধিনায়ক হিসেবে মিরাজের অন্যতম বড় দায়িত্ব ড্রেসিংরুম চাঙ্গা রাখা, সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের মধ্যে বন্ধন শক্ত রাখা। অর্থাৎ দলকে একটা পরিবারের মতো রাখতে হবে। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে অতীতে সিনিয়রদের থেকে নেওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই তারকা।

মিরাজ বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই বড় ভাইদের কাছ থেকে যে দিকনির্দেশনা পেয়েছি, সেগুলো কাজে লাগিয়ে আমিও চেষ্টা করবো ড্রেসিং রুম চাঙ্গা রাখার। যাতে জুনিয়র ও অন্যান্য ক্রিকেটাররা কোনোরকম শূন্যতা অনুভব না করে। ড্রেসিংরুমে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেন আমরা সবাই একটা পরিবার হিসেবে থাকতে পারি।’

শ্রীলঙ্কা সফরে প্রথম দুই টেস্ট শেষে আগামী মাসে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে জাতীয় দলের নেতৃত্ব শুরু করবেন মিরাজ।

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট