Connect with us
ক্রিকেট

সাকিবকে ফেরানোর বিষয়ে যা বললেন বিসিবি প্রধান তামিম

What BCB chief Tamim said about bringing Shakib back.
তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের ভারত সিরিজের পর তার জাতীয় দলে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা উঠলেও আর ফেরা হয়নি। চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে এই অলরাউন্ডারকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে আলোচনা উঠেছিল। তবে এবারও ফেরা হয়নি সাবেক এই অধিনায়কের। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি সাকিববে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করেছিল। তবে সেই বোর্ড ভেঙে যাওয়ার পর এই প্রসঙ্গ নিয়ে আর আলোচনা উঠেনি। তামিম ইকবালের অধীনে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে তেমন আলোচনা হয়নি।

তবে সম্প্রতি সাকিব গণমাধ্যমকে জাতীয় দলে ফেরার বিষয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি জাতীয় দলে ফিরে ফিট থাকা পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। এরইমধ্যে বিসিবি প্রধান তামিমকেও এই বিষয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা।



সাকিবের ফেরার বিষয়ে কথা বলতে গিয়ে সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ের প্রসঙ্গও টেনেছেন তামিম। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা গত এক দেড় দুই বছর ধরে একজনকে (সাকিব) নিয়েই কথা বলছি। আমাদের তিন জন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয় একই রকম পরিস্থিতিতে আছেন। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা সঠিক নয়। আপনাদের প্রতি অনুরোধ, প্রশ্ন করার সময় বাকি দুইজনের নামও উল্লেখ করবেন।’

ফেরার ব্যাপারে বোর্ড থেকে যথাসম্ভব সহায়তা করা হবে বলে জানিয়েছেন তামিম৷ তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সম্ভব সাহায্য করব। যেকোনো সুযোগ সুবিধা বা যেকোনো বিষয়ে আমরা অবশ্যই সবসময় তাদেরকে স্বাগত জানাব। আমাদের মন্ত্রীও (আমিনুল হক) বলেছেন, তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটের ব্যাপারে যদি সাহায্য করতে পারি, আমরা তা করবো।’

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সাদা পোশাকে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত আর আসা হয়নি এবং তখন থেকেই জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট