জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের জ্যেষ্ঠ সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, একই ভুল বারবার করায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটাররা পরিস্থিতি বুঝে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনতে না পারায় দলকে পরাজয় মেনে নিতে হয়েছে।
ম্যাচ শেষে সালাউদ্দিন বলেন, প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ মাঠে নামে। কিন্তু নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে ব্যাটারদের আরও দায়িত্বশীল ও পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। তিনি বলেন, একই ধরনের ভুল বারবার হলেও সেখান থেকে শিক্ষা নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। ভবিষ্যতে ভালো ফল করতে হলে এই মানসিকতা বদলাতে হবে এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হবে।
জিম্বাবুয়ের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেন এই কোচ। তিনি বলেন, দল প্রায় তিন সপ্তাহ ধরে সেখানে অবস্থান করছে। এত দিন পরও যদি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা থাকে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। তার মতে, ব্যাটারদের দ্রুত এই পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এমন অজুহাতের সুযোগ নেই।
সালাউদ্দিন আরও বলেন, পুরো সফরেই জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি বাংলাদেশের ব্যাটারদের চাপে রেখেছেন। টেস্ট, একদিনের এবং এখন টি-টোয়েন্টি, তিন সংস্করণেই এই দুই বোলারের বিপক্ষে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। তাই তাদের মোকাবিলায় আরও কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, এনগারাভা ও মুজারাবানির উচ্চতার কারণে তারা অতিরিক্ত বাউন্স আদায় করতে পারেন, যা ব্যাটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। প্রথম টি-টোয়েন্টিতে এই দুই বোলার মিলে আটটি উইকেট নিয়েছেন। তাই সিরিজে সমতা ফেরাতে হলে পরের ম্যাচের আগে তাদের বিপক্ষে আলাদা পরিকল্পনা তৈরি করতেই হবে বলে মনে করেন বাংলাদেশের জ্যেষ্ঠ সহকারী কোচ।
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৬/টিএ



