Connect with us
ফুটবল

‘আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না’ : লামিন ইয়ামাল

সেমিফাইনালের আগে ফ্রান্সকে হুশিয়ারি ইয়ামালের। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। নিজের ১৯তম জন্মদিনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন কোনো প্রতিপক্ষকেই ভয় পায় না। তার মতে, বড় ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে হবে এবং সেটিই স্পেনের সবচেয়ে বড় শক্তি।

এর আগে ইয়ামাল বলেছিলেন, ফ্রান্স যদি কোনো দলকে ভয় পায়, তাহলে সেটা স্পেন। সেই মন্তব্য নিয়ে নতুন করে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার কথার ভিন্ন ব্যাখ্যা করা হলে সেটি ফ্রান্সের বিষয়। তিনি জানান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ফ্রান্সকে ভয় পান কি না। উত্তরে তিনি শুধু বলেছিলেন, স্পেন কোনো দলকেই ভয় পায় না। কারণ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে তারা সব প্রতিপক্ষের বিপক্ষেই সমান আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে।

চলতি বিশ্বকাপে ইয়ামালের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে। ছয় ম্যাচে তিনি মাত্র একটি গোল করেছেন, সেটিও গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। এখন পর্যন্ত কোনো অ্যাসিস্টও করতে পারেননি। তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ এই স্প্যানিশ ফরোয়ার্ড। তিনি বলেন, দলের লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের পারফরম্যান্স নিয়ে অতিরিক্ত চাপ নিচ্ছেন না এবং সমালোচনা তার খেলায় কোনো প্রভাব ফেলছে না।



ইয়ামালের মতে, এই বিশ্বকাপে স্পেন ধীরে ধীরে আরও পরিণত দল হিসেবে নিজেদের গড়ে তুলেছে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে দল। সেই অভিজ্ঞতাই সেমিফাইনালে কাজে লাগাতে চান তারা। তিনি আরও বলেন, যদি সবাই মনে করে তিনি সেরা ছন্দে নেই, তাহলে সেটি নিয়েও তার কোনো সমস্যা নেই। মাঠে নেমে নিজের খেলাতেই মনোযোগ দিতে চান তিনি।

ফ্রান্সের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আত্মবিশ্বাস বাড়াচ্ছে ইয়ামালের। ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে তিনি ফ্রান্সের জালে গোল করেছিলেন। তাই এবারও গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখার আশা করছেন তিনি। ইয়ামাল বলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি। পুরো দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে এবং ২০১০ সালের মতো আবারও শিরোপা জিততে চায় স্পেন।

গোল করা নিয়ে খুব বেশি চিন্তিত নন বলেও জানিয়েছেন ইয়ামাল। তবে এমন বড় ম্যাচে গোল করতে পারলে সেটি তার জন্য বিশেষ মুহূর্ত হবে। তাই ফ্রান্সের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে দলকে ফাইনালে তুলতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্পেনের এই তরুণ ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল