
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে। তবে তার আগেই প্রস্তুতি নিতে স্কটল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, এবার শুধু ভালো খেলাই নয়, ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
আজ সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, দলের ক্রিকেটারদের মধ্যে এখন জয়ের মানসিকতা তৈরি হয়েছে। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় আসরে শুধু লড়াই করাই নয়, কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দল। তিনি মনে করেন, এবার অন্তত দুই থেকে তিনটি ম্যাচ জয়ের সামর্থ্য বাংলাদেশের আছে।
জ্যোতি বলেন, বর্তমানে দলে আগের চেয়ে বেশি নিয়মিত পারফর্মার রয়েছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে কয়েকজন ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো খেলছেন। তাই সবাই মিলে দল হিসেবে ভালো খেলতে পারলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় ভালো ফল করা সম্ভব বলে বিশ্বাস তাঁর।
গত বিশ্বকাপে দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে পরে ভালো উইকেটে খেলেও জয় পাওয়া যায়নি। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন অধিনায়ক। তাঁর মতে, আগে দল অনেকটাই দুই-একজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল ছিল। এখন দলে নতুন কয়েকজন ক্রিকেটার নিজেদের প্রমাণ করছেন এবং নিয়মিত অবদান রাখছেন। এতে দলের শক্তিও বেড়েছে।
বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগ নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আগে বড় প্রতিযোগিতার আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ কম পাওয়া যেত। কিন্তু এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলার পর সামনে ত্রিদেশীয় সিরিজে আরও চারটি ম্যাচ খেলবে দল। ফলে মূল আসরের আগে নিজেদের প্রস্তুত করার যথেষ্ট সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
জ্যোতি আরও বলেন, বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এতে দল বিভিন্ন সমন্বয় পরীক্ষা করার সুযোগ পাবে। পাশাপাশি ক্রিকেটারদের প্রয়োজনীয় অনুশীলন সুবিধাও এবার ভালোভাবে নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। তাঁর আশা, এই প্রস্তুতি কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারবে বাংলাদেশ নারী দল।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ





















