বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক খেলোয়াড় ও সংগঠক মোস্তফা কামাল আর নেই। রোববার ভোরে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
মোস্তফা কামালকে অনেকে চিনতেন ‘ভলিবলের কামাল’ নামেই। যদিও ক্রীড়া জীবনের শুরুটা ছিল ফুটবল দিয়ে। ষাটের দশকে ঢাকা মোহামেডানের জার্সিতে খেলেছেন। তবে সময়ের সঙ্গে ভলিবলই হয়ে ওঠে তার প্রধান পরিচয়। খেলোয়াড়ি জীবন শেষ করে জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচ হিসেবে দায়িত্ব নেন। পরে ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
সংগঠক হিসেবে তার কাজের পরিধি ছিল বিস্তৃত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটিতেও যুক্ত ছিলেন। মাঠের বাইরে থেকেও ক্রীড়াঙ্গনে সক্রিয় ছিলেন তিনি।
খেলোয়াড় ও সংগঠকের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিত ছিলেন মোস্তফা কামাল। ক্রীড়া বিষয়ক লেখালেখিতে দীর্ঘ সময় যুক্ত ছিলেন এবং বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির একজন সিনিয়র সদস্য ছিলেন। ছয় দশকের বেশি সময় ধরে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন তিনি।
আজ বাদ যোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
তার মৃত্যুতে ক্রীড়া লেখক সমিতিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। দেশের ভলিবল অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা এই সংগঠকের বিদায়ে এক প্রজন্মের স্মৃতি যেন আরেকবার ফিরে এলো।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/টিএ
