
২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শেষবারের মতো মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তবে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আরেকটি বড় পরীক্ষা রয়েছে হামজা-জামালদের। এশিয়ার আরেক শক্তিশালী দল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।
সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে তাদের ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূলত সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্যই এই ম্যাচটি রেখেছে বাফুফে। তবে প্রীতি ম্যাচ হলেও এটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা এই দলটিকে হারাতে পারলে সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়বে। তাছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করার বড় সুযোগও রয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮০তম স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৮ নম্বরে। র্যাঙ্কিং দেখে সহজেই ধারণা করা যায় বাংলাদেশের চেয়ে কতটা শক্তিশালী হংকং। তবে গত বছর বেশ কয়েকজন বংশোদ্ভূত ফুটবলার যোগ দিয়েছেন জাতীয় দলে। যা বাংলাদেশকে আগের শক্তিশালী করে তুলেছে।
ভিয়েতনামের কোচ কিম স্যাং সিকও এমনটাই ভাবছেন। বিশেষ করে হামজাকে নিয়েই বেশি চিন্তিত তারা। এমনকি হামজাকে থামানোর উপয়াও খুঁজছেন স্বাগতিকরা। কিম স্যাং সিক বলেন, ‘আগের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। বিশেষ করে হামজা চৌধুরী ইংল্যান্ডে খেলেন। তার খেলার ভিডিও বিশ্লেষণ করে তাকে থামানোর উপায় খুঁজছি আমরা।’
এর আগে ২০০১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে ভিয়েতনামের বিপক্ষে হেরে যায় লালস-সবুজের দল। অবশ্য ভিয়েতনামের মাঠে ড্র করেছিল বাংলাদেশ। এবারও ভিয়েতনামের মাটিতেই প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যাং ডে স্টেডিয়ামে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/বিটি




















