
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেল! তাও আবার এমন গ্রুপ থেকে বিদায় নিলো যে গ্রুপে রয়েছে স্পেন, সৌদি আরব আর নবাগত কেপ ভার্দে! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে আজ। বিশ্বকাপ শেষ হয়ে গেছে উরুগুয়ের।
অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে এসে গ্রুপপর্বে কোনো ম্যাচ না হেরে নকআউটপর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের বিরুদ্ধে ড্র করার পর সৌদি আরবের সাথেও ড্র করেছে ভোজিনহার দল। এতেই রাউন্ড অব থার্টি টুতে জায়গা করে নিয়েছে তারা।
এদিকে গ্রুপপর্বে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র করে শুরুতেই নিজেদের কঠিন অবস্থায় ফেলে দিয়েছিল উরুগুয়ে। নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখতে শেষ ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না। কিন্তু সেই পরীক্ষায় ব্যর্থ হয় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১-০ গোলে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় উরুগুয়ের।
শনিবার মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে ৪২তম মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। তার শট উরুগুয়ের ৪০ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা পুরোপুরি ঠেকাতে না পারায় বল জালে জড়িয়ে যায়।
স্পেন ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে। একই সময়ে কেপ ভার্দে ও সৌদি আরব গোলশূন্য ড্র করায় ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্দে।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উরুগুয়ের কয়েকজন ফুটবলার মাঠে বসে কান্নায় ভেঙে পড়েন। মাঠ ছাড়ার সময় গ্যালারির একাংশ থেকে তাদের উদ্দেশে দুয়োধ্বনিও শোনা যায়।
আর হিউস্টোনের মাঠে ছিল অন্যরকম আমেজ। চমক দেখানোর আশায় থাকা সৌদি আরব যখন কোনো গোল করতে পারলো না। শেষ বাঁশি বাজার সাথে সাথে ইতিহাসগড়া কেপ ভার্দে তখন যেন বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠে।
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৬/এজে




















