Connect with us
ফুটবল

ইনফান্তিনোকে উয়েফার কড়া বার্তা, কোনো নথি নষ্ট করা যাবে না

Jianni Infantino
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেও বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা এবার ফিফাকে সম্ভাব্য আইনি পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এ পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কোনো নথি বা ডিজিটাল তথ্য যেন নষ্ট, মুছে ফেলা কিংবা পরিবর্তন করা না হয়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর হাতে আসা এক চিঠিতে উয়েফা জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া, সালিসের আবেদন করা কিংবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ কারণে ফিফাকে সব ধরনের নথি ও তথ্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সতর্কবার্তার পর যদি কোনো নথি বা তথ্য ধ্বংস, গোপন বা পরিবর্তন করা হয়, তাহলে সেটিকে প্রমাণ নষ্ট করার চেষ্টা হিসেবে দেখা হতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করবে উয়েফা।



শুধু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নন, পরিকল্পনার সঙ্গে যুক্ত সংস্থাটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার কাছেও প্রয়োজনীয় নথি সংরক্ষণের নির্দেশ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে উয়েফা। একই ধরনের চিঠি সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর কয়েকজন প্রতিনিধির কাছেও পাঠানো হয়েছে।

গত ২৮ জুলাই ফিফা বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা প্রকাশ করে। পরে সেটির একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব আসে। তবে এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে উয়েফাসহ কয়েকটি মহাদেশীয় ফুটবল সংস্থা। সমালোচনার মুখে ১ আগস্ট পরিকল্পনাটি বাতিল করে ফিফা।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মনে করেন, শুধু পরিকল্পনা বাতিল করলেই বিষয়টির সমাপ্তি ঘটে না। তার মতে, এমন বিতর্কের পর বিশ্ব ফুটবলের নেতৃত্বে জিয়ান্নি ইনফান্তিনোর থাকা উচিত নয়। তিনি আবারও ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোর সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল