Connect with us
ক্রিকেট

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন

বাথরুমে গোপন ভিডিও ধারণ, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার আটক

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার আটক। ছবি: সংগৃহীত

হোটেলের বাথরুমে নারী অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরে আদালতে হাজির করা হলে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে রাজধানী নারাহেনপিতার একটি হোটেলে অবস্থান করছিলেন কয়েকজন নারী অতিথি। তাঁরা অভিযোগ করেন, বাথরুমে গোসলের সময় মুঠোফোন ব্যবহার করে তাঁদের অজান্তে ভিডিও ধারণ করা হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত হোটেল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ওই দুই ক্রিকেটারকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয় এবং প্রাথমিক শুনানির জন্য আদালতে পাঠানো হয়।



আদালতে শুনানি শেষে দুই ক্রিকেটারকে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি মুচলেকায় জামিন দেওয়া হয়েছে। তবে মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, গোপনে ধারণ করা ভিডিওগুলোর কোনো অংশ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, পুরো ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনিতেই সাম্প্রতিক সময়ে দেশটির ক্রিকেট প্রশাসনে নানা অস্থিরতা চলছে। এর মধ্যেই অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে এমন অভিযোগ শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ক্রিফোস্পোর্টস/১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট