
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের দীর্ঘ লড়াই শেষে টিকে আছে কেবল সেরা চারটি দল— ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তবে মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় আলোচনার বিষয় আকাশের অবস্থা আর আইসিসির অদ্ভুত সব নিয়ম।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড। যদি ৪ মার্চ বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়, তবে নিয়ম অনুযায়ী তা গড়াবে রিজার্ভ ডে-তে অর্থাৎ ৫ মার্চ। আর এতেই তৈরি হচ্ছে এক বিরল দৃশ্য। যদি ৫ মার্চ আবহাওয়া পরিষ্কার থাকে, তবে একই দিনে ক্রিকেটভক্তরা উপভোগ করবেন দুটি সেমিফাইনাল। দুপুর ৩টে থেকে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের মেগা লড়াই।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক- আইসিসির নিয়ম বলছে, ফলাফল নির্ধারণের জন্য অন্তত ৫ ওভার করে খেলা হওয়া জরুরি। কিন্তু যদি মূল দিন এবং রিজার্ভ ডে— দুদিনই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ভাগ্য নির্ধারিত হবে সুপার-৮ পর্বের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে।
ভারতের জন্য কেন এটি দুঃসংবাদ?
বৃষ্টির কারণে খেলা না হলে পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে কপাল পুড়তে পারে টিম ইন্ডিয়ার।
আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ বাতিল হলে সুপার-৮ পর্বে যারা গ্রুপ সেরা ছিল, তারাই সরাসরি ফাইনালে যাবে। বর্তমান সমীকরণ অনুযায়ী, এটা ঘটলে ভারত ও নিউজিল্যান্ডকে বিদায় নিতে হবে আর ফাইনালে জায়গা করে নেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৬/এসএ
























