আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ রানা। এপ্রিলের পর মে মাসের পুরস্কারটিও বাংলাদেশে আসার সম্ভাবনাই বেশি। তবে এবার সেরা হওয়ার দৌড়ে দুই বাংলাদেশির লড়াইও দেখা যাবে। কেননা আইসিসির মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে দুজনই বাংলাদেশি।
আজ বুধবার (১০ জুন) ২০২৬ সালের মে মাসের জন্য সেরা পুরুষ খেলোয়াড়ের মনোনীতদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন মুশকফিকুর রহিম ও তাইজুল। এছাড়া নেপাল থেকে রয়েছেন দীপেন্দ্র সিং আইরি।
গত মাসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। এই জয়ের পেছনে ব্যাট হাতে মুশফিকের পাশাপাশি বল হাতে ভূমিকা ছিল তাইজুলের। আর এ কারণে দুজনেই মাসসেরার মনোনয়ন পেয়েছেন।
পাকিস্তান সিরিজের দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করেন মুশফিক। প্রথম টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৭১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে তাইজুল বল হাতে ছিলেন দুর্দান্ত। ২ টেস্টে ১৩ উইকেট শিকার করেন এই স্পিনার। এমনকি তার একটি ফাইফারও ছিল। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস ১২০ রানে ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি। এছাড়া ব্যাট হাতেও পুরো সিরিজে ৫৮ রান করেন।
এদিকে নেপাল থেকে মনোনয়ন পাওয়া দীপেন্দ্র সিং আইরি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ দুর্দান্ত খেলেছেন। ছয়টি ওয়ানডেতে ৪৯.৮০ গড় এবং ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান সংগ্রহ করেন আইরি, যার মধ্যে একটি শতক এবং দুটি অর্ধশতকের মার রয়েছে। এছাড়া বল হাতে শিকার করে ৮ উইকেট।
মে মাসের সেরা হওয়ার দৌড়ে তিনজনই শক্তিশালীভাবে টিকে আছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার হাতে উঠে এই পুরস্কার।
ক্রিফোস্পোর্টস/১০জুন২৬/বিটি



