
আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা থামছেই না। ফাইনালের একটি টিকিটের দাম উঠেছে ২৪ কোটি টাকা!
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোও এর সাফাই গেয়েছেন।
এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমিও এত দাম দিতাম না।’
যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্যারাগুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এই সংখ্যা জানতেন না। তবে বলেন, ‘আমি সেখানে অবশ্যই থাকতে চাই। কিন্তু এত দাম আমিও দিতাম না, সত্যি বলছি।’
গত ডিসেম্বরে ফিফা বিশ্বকাপের সবচেয়ে সস্তা ক্যাটাগরির টিকিটের দাম ১,১২০ ডলার নির্ধারণ করেছে।
ট্রাম্পের এই মন্তব্য এলো ঠিক একদিন পর, যখন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো টিকিটের দামকে যুক্তিসঙ্গত বলে দাবি করেন।
ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের বাজারের দাম ধরতে হবে। আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। কম দামে দিলে সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে।’
এবারই প্রথমবার বিশ্বকাপে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করে। আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে এই পদ্ধতি চালু হয়েছে।
ইনফান্তিনো আরও দাবি করেছিলেন, আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কম লাগে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম দ্রুতই জানিয়েছে এই দাবি ভুয়া।
ক্রিফোস্পোর্টস/৮মে২৬/এনডি






















