বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সাধারণত বড় বড় তারকারা। তবে প্রতিটি আসরেই এমন কিছু ফুটবলার থাকেন, যাদের খুব বেশি পরিচিতি না থাকলেও নিজেদের পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জয় করেন। এবারের বিশ্বকাপ শেষে তেমনই ১০ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ানফুটবল।
তালিকার শীর্ষে আছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। নিজের ও দেশের প্রথম বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোল না খেয়ে ম্যাচ শেষ করেন তিনি। পরে আর্জেন্টিনার বিপক্ষেও একাধিক গুরুত্বপূর্ণ বল ঠেকিয়ে প্রশংসা কুড়ান। তার দুর্দান্ত নৈপুণ্যে কেপ ভার্দে শেষ ষোলো পর্যন্ত পৌঁছে যায়। বিশ্বকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়।
দ্বিতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় জোহান মানজাম্বি। গ্রুপ পর্বে ধারাবাহিক ভালো খেলায় তিনি আলোচনায় আসেন। তৃতীয় স্থানে আছেন মেক্সিকোর হুলিয়ান কিনিওনেস। চারটি গোল করে তিনি বিশ্বকাপের অন্যতম সফল গোলদাতাদের একজন হয়েছেন।
চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোতে তার করা গোলটি বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় ড্যান বার্ন। সুযোগ কম পেলেও গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য ভালো খেলায় সমর্থকদের প্রশংসা অর্জন করেন।
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো জিল। জার্মানির বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে জিতিয়ে নায়ক হন তিনি। সপ্তম স্থানে মিসরের হাইসেম হাসান, অষ্টম স্থানে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম, নবম স্থানে নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট এবং দশম স্থানে কেপ ভার্দের রক্ষণভাগের খেলোয়াড় পিকো লোপেস রয়েছেন।
এবারের তালিকায় সবচেয়ে বেশি চারজন ফুটবলার জায়গা পেয়েছেন কেপ ভার্দে থেকে। বড় কোনো তারকা না হয়েও নিজেদের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে আলাদা পরিচিতি তৈরি করেছেন তারা। বিশেষ করে তুলনামূলক কম পরিচিত দলগুলোর ফুটবলারদের এমন সাফল্য এবারের বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৬/টিএ



