
শৈশবে যে নায়কের ছবি আঁকা মগ ভেঙে গেলে কান্নায় ভেঙে পড়েন সান্দ্রো তোনালি এবার সেই জেন্নারো গাত্তুসোর অধীনে ইতালির বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার কারিগর তিনি। প্লে-অফে ইতালির রোমাঞ্চকর জয়ের পর উঠে এলো এক অবিশ্বাস্য গল্প।
সান্দ্রো তোনালির ফুটবলার হওয়ার পেছনে প্রেরণা ছিলেন ইতালির কিংবদন্তি মিডফিল্ডার জেন্নারো গাত্তুসো। এই তথ্য নিজেই জানিয়েছেন তোনালি।
বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের প্লে–অফ সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছে চারবারের সাবেক চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচে প্রথম গোলটি আসে সান্দ্রো তোনালির পা থেকে।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সান্দ্রো তোনালি জানান নিজের শৈশবের সেই গল্প। তিনি জানান, ছোটবেলায় তার একটি বিশেষ মগ ছিল যাতে গাত্তুসোর ছবি আঁকা ছিল। সেই মগটি ঘিরেই ছিল তার সারাদিনের জল্পনা-কল্পনা।
সান্দ্রো তোনালি বলেন, অনেক বছর ধরে প্রতিদিন সকালে ওই মগেই আমি নাস্তা করতাম। একদিন মগটি ভেঙে গেলে আমি মাকে অনেক অনুরোধ করে সেটি আঠা দিয়ে জোড়া লাগিয়েছিলাম।
স্মৃতিধন্য সেই মগটি আজও হারাননি তোনালি। সেটি সযত্নে তার শেলফে সাজানো রয়েছে। তবে তোনালির স্বপ্ন এখন আরও বড়, ভাঙা সেই মগে প্রিয় মেন্টর গাত্তুসোর একটি অটোগ্রাফ নেওয়া।
গুরুর সংকটে শিষ্যের ত্রাতা হয়ে ওঠা
ইতালি যখন টানা ব্যর্থতার বৃত্তে বন্দি এবং কোচ হিসেবে গাত্তুসো যখন প্রবল চাপের মুখে, ঠিক তখনই জ্বলে উঠলেন তোনালি। বিশ্বকাপের প্লে-অফ ম্যাচে তোনালির করা জয়সূচক গোলটি কেবল ইতালিকে জয়ই এনে দেয়নি বরং খাদের কিনারা থেকে টেনে তুলেছে আজ্জুরিদের।
ডাগআউটে দাঁড়িয়ে গাত্তুসো দেখলেন, তার লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি হয়ে মাঠ কাঁপাচ্ছেন তোনালি। খেলার ধরনে মিল থাকায় অনেকেই তোনালির মাঝে তরুণ গাত্তুসোকে খুঁজে পাচ্ছেন। গাত্তুসো নিজেও তার শিষ্যের এই সাফল্যে গর্বিত।
উল্লেখ্য, আগের দুই বিশ্বকাপেই বাছাই পর্বের প্লে–অফে হেরে মূল আসরে জায়গা পায়নি ইতালি। এবার সেই হতাশা কাটানোর সুযোগ তাদের সামনে। ইউরোপীয়ান প্লে অফের ফাইনালে জিতলেই বিশ্বকাপে চলে যাবে ইতালি।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সামনে এখন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার অন্তিম লড়াই। আগামী ৩১ মার্চ ইউরোপীয় ও আন্তমহাদেশীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে ইতালি।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/এসএ





















