Connect with us
হকি

প্রথম আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিয়েই রানার্সআপ বাঘিনীরা

women hockey
বাংলাদেশ নারী হকি দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী হকি দলের জন্য জাকার্তার এশিয়ান গেমস হকির বাছাইপর্ব স্মরণীয় হয়ে থাকল। প্রথমবার কোনো আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিয়েই ফাইনাল খেলেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চাইনিজ তাইপের কাছে ৩-১ ব্যবধানে হেরে রানার্সআপ হতে হয়েছে অর্পিতা পাল, নিলাদ্রী নীলা ও হিমাদ্রীদের। 

যদিও ফাইনাল জিততে পারেনি তবে এই রানার্সআপ হওয়াই বাংলাদেশের জন্য বড় সাফল্য, কারণ এর মাধ্যমে আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত করেছে দলটি।

বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অর্পিতা পাল। তাঁর গোলে প্রথম কোয়ার্টারে এগিয়ে থেকে ম্যাচে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। আক্রমণ ও রক্ষণে শৃঙ্খলাও ছিল চোখে পড়ার মতো।



তবে দ্বিতীয় কোয়ার্টার থেকে ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। রক্ষণভাগের ভুলে বল পেয়ে চাইনিজ তাইপের ওয়াং ইউ-চিউই গোল করে সমতা ফেরান। এরপর বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। তৃতীয় কোয়ার্টারে রক্ষণে ফাঁক খুঁজে নিয়ে আরও একটি গোল করে এগিয়ে যায় প্রতিপক্ষ।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা আসে ৪০তম মিনিটে। গোলরক্ষকের ভুল সিদ্ধান্তে পোস্ট ফাঁকা পেয়ে সহজেই তৃতীয় গোল করে চাইনিজ তাইপে। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার সুযোগ আর তৈরি করতে পারেনি বাংলাদেশ।

ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল অত্যন্ত ইতিবাচক। গ্রুপ পর্বে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে শক্ত অবস্থান জানিয়ে দেয় দলটি। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়, হংকংকে ২-১ গোলে হারিয়ে পুল চ্যাম্পিয়ন হওয়া এবং সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু রানার্সআপ হওয়া নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করা। প্রথম অংশগ্রহণেই ফাইনালে পৌঁছানো এবং এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী হকির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in হকি