
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লিগ পর্ব শেষ হতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। এরই মধ্যে তিনটি দল জায়গা করে নিয়েছে শেষ চারে। এখন অপেক্ষা শুধু শেষ দলের নাম জানার। রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে চলছে সেই লড়াই।
৩১ মে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। তার আগে আজ শেষ হচ্ছে লিগ পর্ব। এরপর শুরু হবে বাছাইপর্বের ম্যাচ।
এবারের আসরে অংশ নিয়েছে ১০টি দল। প্রতিটি দল খেলেছে ১৪টি করে ম্যাচ। এর মধ্যে ছয়টি দলের সব ম্যাচ শেষ হয়েছে। বাকি চারটি দলের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আজ।
দিনের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচটি রাজস্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। আজ জিততে পারলে পয়েন্ট হবে ১৬, তখন তারা উঠে যাবে চতুর্থ স্থানে। সেক্ষেত্রে শেষ চার থেকে ছিটকে পড়বে পাঞ্জাব কিংস।
অন্যদিকে ১৩ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পাওয়া মুম্বাই আগেই বিদায় নিশ্চিত করেছে।
দিনের দ্বিতীয় ও লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। দিল্লি আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। তবে কলকাতার সামনে এখনও ছোট একটি সুযোগ আছে।
১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ ১৩ পয়েন্ট। তারা যদি শেষ ম্যাচে জেতে এবং রাজস্থান হেরে যায়, তাহলে কলকাতার পয়েন্ট হবে ১৫। তখন পাঞ্জাব কিংসের সমান পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে হিসাব হবে রানরেট নিয়ে।
বর্তমানে পাঞ্জাবের রানরেট অনেক ভালো। তাই কলকাতাকে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। তবেই শেষ চারে ওঠার সুযোগ তৈরি হতে পারে তাদের সামনে।
এদিকে লিগ পর্ব শেষে সমান ১৮ পয়েন্ট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রানরেটের ব্যবধানে শীর্ষে আছে বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে গুজরাট এবং তৃতীয় স্থানে হায়দরাবাদ।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ





















