Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে তিন পেসারের উন্নতি, এগিয়েছেন দুই ব্যাটারও

Three pacers climb the rankings, while two batters also move up.
র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের পেসারা। যার সুবাদে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছেন তিন পেসাএ। একইসঙ্গে দুই ব্যাটারও এগিয়েছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বোলারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন শরিফুল। ৫২৭ রেটিং নিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে এখন দ্বিতীয় সেরা অবস্থানে আছেন এই পেসার। প্রথম দুই ওয়ানডে খেলতে না পারা মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচে ফাইফার নিয়েছেন। তাতে ১৪ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার।



নিউজিল্যান্ড সিরিজে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদ। ৩ ম্যাচে এক ফাইফারসহ ৮ উইকেট নেন এই এক্সপ্রেস পেসার। তাতে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে তারই। ১৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন গতিতারকা। এছাড়া মেহেদি হাসান মিরাজের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা এই স্পিনার আগের মতোই ৮ নম্বরে অবস্থান করছেন।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান শান্ত। তাতে র‍্যাঙ্কিংয়েও লম্বা লাফ দিয়েছেন তিনি। ১১ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অবস্থানে আছেন তিনি।

শেষ ওয়ানডেতে সেঞ্চুরির দেখা না পেলেও পঞ্চাশোর্ধ্ব রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন। তাতে র‍্যাঙ্কিংয়ে তিনিও বড় লাফ দিয়েছেন। ১৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা তাওহীদ হৃদয় আগের মতোই ২৩তম স্থানে আছেন।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট