Connect with us
ক্রিকেট

চাপ না থাকলে মজা নেই : ভারতীয় অধিনায়ক

Suriya
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রত্যাশা বেশি ভারতের দিকেই। তাই চাপও তাদের ওপর বেশি। তবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করেন, বড় ম্যাচে চাপ থাকাটা স্বাভাবিক এবং এটাকেই উপভোগ করতে হবে।

আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এই একই মাঠে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে হতাশ হয়েছিল ভারত। তবে সূর্যকুমার বলছেন, এবার পরিস্থিতি আলাদা। দল আলাদা, নেতৃত্ব আলাদা, খেলাটিও আলাদা ধরনের।

ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশে তার মূল বার্তা, ভয় না পেয়ে স্বাভাবিক খেলাটা খেলতে হবে। সূর্যকুমার বলেন, দুই বছর আগে এই যাত্রা শুরু করেছিল ভারত। ২০২৩ সালে যেখানে থামতে হয়েছিল, আবার সেই একই মাঠে ফিরে এসেছে দল। তাই কঠিন মুহূর্তেও সাহস ধরে রাখার কথাই তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন।



২০২৩ সালের হতাশার পর ভারত বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতে দলটি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ফলে এবার ফাইনালের আগে দল অনেক বেশি প্রস্তুত বলেই মনে করেন অধিনায়ক।

দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন, যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এবং বড় প্রতিযোগিতার কঠিন ম্যাচের অভিজ্ঞতা আছে। যেমন যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। তাদের অভিজ্ঞতা দলকে শক্তি জোগাচ্ছে বলে জানান সূর্যকুমার।

তিনি বলেন, দলীয় বাসে বা রাতের খাবারের সময় অনেক সময় তারা আলোচনা করেন কঠিন পরিস্থিতিতে কীভাবে শান্ত থেকে খেলা চালিয়ে যেতে হয়। এসব আলোচনা খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকতে সাহায্য করে।

ভারতের অধিনায়ক হিসেবে এটি সূর্যকুমার যাদবের প্রথম বড় ফাইনাল। এর আগে ভারতের দুটি আন্তর্জাতিক শিরোপা এসেছিল রোহিত শর্মার নেতৃত্বে। তাই এমন একটি ম্যাচের আগে কিছুটা স্নায়ুচাপ থাকাটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

সূর্যকুমার বলেন, নিজের মাঠে এমন একটি শক্তিশালী দলকে নিয়ে ফাইনাল খেলতে নামা বিশেষ অনুভূতি। বড় ম্যাচের আগে কিছুটা অস্থিরতা থাকবেই। তবে তিনি মনে করেন, খেলাধুলায় চাপ থাকাটাই স্বাভাবিক এবং সেটিই খেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই ফাইনাল ম্যাচ নিয়ে তিনি বেশ উৎসাহিত।

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট