অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজে খেলতে পারছেন না দলের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতি নিয়ে হতাশা থাকলেও দেশের পেস বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ আলমগীর কবির। তার দাবি, নাহিদের মতো আরও কয়েকজন সম্ভাবনাময় পেসার দেশের বয়সভিত্তিক দলগুলোতে উঠে আসছে।
সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আলমগীর বলেন, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কাজ করার সময় তিনি বেশ কয়েকজন প্রতিভাবান পেসারকে দেখেছেন। তাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে জাতীয় দলে খেলার সামর্থ্য রাখেন। তবে গতির দিক থেকে নাহিদ এখনো সবার চেয়ে আলাদা বলেও মনে করেন তিনি।
আলমগীর বলেন, নাহিদের গতি জন্মগত একটি বিশেষ সামর্থ্য। সেই ধরনের গতি অন্য কারও মধ্যে এখনো দেখা না গেলেও দেশের ক্রিকেটে ভালো পেসারের অভাব নেই। নিয়মিত পরিচর্যা ও সঠিক সুযোগ পেলে এই তরুণদের অনেকেই ভবিষ্যতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠতে পারবেন বলে তার বিশ্বাস।
অস্ট্রেলিয়া সফরে নাহিদকে না পাওয়ায় সমর্থকদের হতাশাকেও স্বাভাবিক বলে মনে করেন বিসিবির এই কোচ। তার ভাষ্যমতে, বিশ্বের সব দলই নিজেদের সেরা খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা করে। বাংলাদেশও নাহিদকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছিল। তাই তার অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি। তবে যারা সুযোগ পাবেন, তাদের ওপরও আস্থা রাখছেন তিনি।
এদিকে দীর্ঘদিন চোটে থাকার পর জাতীয় দলে ফেরা পেসার এবাদত হোসেনকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন আলমগীর। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে আগের ছন্দে ফিরতে কিছুটা সময় লাগাই স্বাভাবিক। চোট কাটিয়ে ফেরার পর মানসিকভাবেও কিছুটা সময়ের প্রয়োজন হয়।
তবে পর্যাপ্ত সময় ও নিয়মিত খেলার সুযোগ পেলে এবাদত আবারও আগের মতো ছন্দে ফিরবেন বলে বিশ্বাস আলমগীর কবিরের। একই সঙ্গে বয়সভিত্তিক দল থেকে উঠে আসা তরুণ পেসাররাও আগামী দিনে বাংলাদেশের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৬/টিএ



