Connect with us
ক্রিকেট

টান টান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ছিনিয়ে নিল বাঘিনীরা

bd women
শ্রীলঙ্কার বিপক্ষে নারী দলের জয়। ছবি: সংগৃহীত

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে ভালো শুরু করেছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে। দলের হয়ে হানসিমা করুণারত্নে ৫৪ এবং ইমেশা দুলানি ৫২ রান করেন। এছাড়া কাভিশা দিলহারি ৩০ ও অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি ৩টি উইকেট নেন। নাহিদা আক্তার নেন ২টি। এছাড়া সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার একটি করে উইকেট পান।



২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্রুত আরও একটি উইকেট পড়ে যায়। অল্প রানেই দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে দল।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার কিছুটা সামাল দেন। তবে ১৩ রান করে জ্যোতি আউট হলে আবার চাপ বাড়ে। এরপর শারমিনের সঙ্গে জুটি গড়েন সোবহানা মোস্তারী। ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

শারমিন অর্ধশতক পূর্ণ করেন এবং ইনিংসটি বড় করার দিকে এগোন। অন্যদিকে মোস্তারীও ভালো খেলছিলেন, তবে চোট পেয়ে ৪১ রান করে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর শারমিনের সঙ্গে যোগ দেন স্বর্ণা আক্তার। দুজন মিলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। কিন্তু ১৯৯ রানে গিয়ে হঠাৎ দুই সেট ব্যাটার শারমিন ও স্বর্ণা আউট হলে ম্যাচে উত্তেজনা বাড়ে।

শেষ দিকে সহজ সমীকরণ কিছুটা কঠিন হয়ে ওঠে। অল্প ব্যবধানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সুলতানা খাতুন ও নাহিদা আক্তার ধৈর্য ধরে খেলেন এবং দলকে জয় এনে দেন।

৯ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ নারী দল। এই জয়ে সিরিজে ভালো অবস্থানে থাকল তারা। সিরিজের বাকি দুই ম্যাচও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট