Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে : টম লাথাম

“The T20 series will be exciting for both teams,” says Tom Latham.
টি-টোয়েন্টি সিরিজের ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়ক। ছবি- বিসিবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। এবার তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ দাপট দেখালেও টি-টোয়েন্টি সিরিজটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। 

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন আজ (রোববার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন লাথাম। তিনি জানান, দুই দলেই কম অভিজ্ঞ কিংবা অভিষেক না হওয়া ক্রিকেটার রয়েছে। তাই সিরিজটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হতে যাচ্ছে। তাছাড়া নিউজিল্যান্ডের অনেক ব্যাটাররা টি-টোয়েন্টি খেলে বেশি অভ্যস্ত। তাই এই সিরিজে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে আছে তারা।

লাথাম বলেন, ‘আমি মনে করি, এই সিরিজটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছে। কারো কারো এখনও অভিষেক হয়নি। তাই এই সিরিজটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে।’



তবে অভিষেক না হওয়া ক্রিকেটারদের ফুটেজ কম এবং তাদের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না। তাই তাদের বিপক্ষে একজন খেলোয়াড়ের দ্রুত মানিয়ে নিতে হবে বলে মনে করেন লাথাম। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের কিছু ফুটেজ দেখেছি। কিছু খেলোয়াড় আছে যাদের এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি। তাদের সম্পর্কে খুব বেশি তথ্য নেই। যখন এমনটা হবে, তখন আপনাকে দ্রুত মানিয়ে নিতে হয়।’

এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যাশা জানিয়ে লাথাম বলেন, ‘আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাট অনেকেই পছন্দ করে। তারা এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ। এই সিরিজেও তারা ভালো করতে মুখিয়ে আছে।’

আগামীকাল রোববার (২৬ এপ্রিল) প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২৯ এপ্রিল এবং ২ মে যথাক্রমে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট