Connect with us
ফুটবল

সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরু ১৬ মার্চ, সামিত-জায়ানরা কবে আসবেন

Zayaan Ahmen-Shamit Shome-Fahamedul Islam
জায়ান আহমেদ, সামিত সোম ও ফাহামিদুল ইসলাম। ছবি- বাফুফে

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সি-গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচ বাকি থাকতেই মূল পর্বের দৌড় থেকে ছিটকে যায় লাল-সবুজের দল। তবে সবশেষ ম্যাচে ভারতকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নেয় হামজারা। যদিও সেগুলো কোনো কাজে আসবে না। তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতির জন্য ম্যাচগুলোতে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

এবার বাংলাদেশের চোখ সিঙ্গাপুর ম্যাচে। এই ম্যাচ দিয়েই শেষ হবে ২০২৭ কাপে বাংলাদেশের বাছাইপর্ব মিশন। জয় দিয়ে বাছাইপর্ব শেষ করার লক্ষ্যে দলকে প্রস্তুত করছেন হ্যাভিয়ের কাবরেরা। সেই লক্ষ্যে আগামী ১৬ মার্চ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ৩০জন খেলোয়াড় নিয়ে শুরু হবে এই ক্যাম্প।

এ বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘৩০ জন খেলোয়াড় নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এরপর ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ঈদের আগেই আমরা খেলোয়াড়দের ডেকেছি। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে আমরা খেলাটাকে প্রাধান্য দিচ্ছি। কোনো অবস্থাতেই কোনো খেলোয়াড়কে ছাড়া হবে না।’



সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে ঢাকায় আসছেন তিন প্রবাসী ফুটবলার তারিক কাজী, সামিত সোম, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম। সব ঠিক থাকলে ক্যাম্প শুরুর আগের দু’দিন আগে ১৪ মার্চ ঢাকায় পা রাখবেন জায়ান। তার একদিন পর ঢাকায় আসবেন কানাডা প্রবাসী সামিত। এছাড়া তারিক ও ফাহামিদুল ক্যাম্প শুরুর দিন ১৬ মার্চ ঢাকায় আসবেন।

তবে ঢাকায় প্রস্তুতি ক্যাম্প আসবেন না হামজা চৌধুরী। ক্লাব ব্যস্ততার কারণে তিনি ইংল্যান্ড থেকে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন, ‘হামজা ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবে। সে ভিয়েতনামের বিপক্ষে খেলবে। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে ইংল্যান্ডে ফিরে যাবে।’

এদিকে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ ছিলেন ফাহামিদুল ইসলাম। এশিয়ান কাপে দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়েই পুনরায় জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন ইতালী প্রবাসী এই তরুণ ফরোয়ার্ড।

আগামী ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন হামজা-জামালরা।

ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল