
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থানে শোকে মাতম পুরো দেশ। এমন পরিস্থিতিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের আজকের (৩০ ডিসেম্বর) দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। সেই দুটি ম্যাচ কবে মাঠে গড়াবে, তা চূড়ান্ত করা হয়েছে।
বিপিএলের সূচিতে ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ ছিল না। স্থগিত হওয়া ম্যাচ দুটি ৩১ ডিসেম্বর মাঠে গড়াবে। বিপিএলের সূচিতে দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় দুপুর ১টায়, তবে পরিবর্তিত সূচিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়, সেটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়।
এর আগে আজ (৩০ ডিসেম্বর) সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি, বিভিন্ন ক্লাব ও ক্রিকেটাররা।
শোক বার্তায় বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বিসিবি কৃতজ্ঞতার সাথে এই দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অবদান স্বীকার করছে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসমান্য সহযোগিতা করেছেন, ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি ও দেশব্যাপী খেলাধুলার প্রসারে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।’
বিসিবি আরও উল্লেখ করেছে, ‘ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করেছে তার পথ প্রশস্ত করতে সাহায্য করেছে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ। বিসিবি এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখে শামিল হচ্ছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার আত্মার চির শান্তির জন্য আমাদের দোয়া।’
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। আজ সিলেটে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক সিলেট টাইটান্সের এবং দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর রাইডার্সের। তবে ম্যাচ দুটি মাঠে গড়াবে নতুন সূচিতে, একদিন পর।
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/এআই



























