Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

Litton Das
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি জিততে পারেনি বাংলাদেশ। শুরুতে এগিয়ে গিয়েও শেষ ম্যাচ হেরে ১-১ সমতায় সিরিজটি ভাগাভাগি করে নিয়েছে দুই দল। বাকি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

আজ শনিবার (২ মে) তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। মূলত ব্যাটারদের ব্যর্থতায় বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় স্বাগতিকরা। ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রান করে অলআউট হয়ে যায় টাইগাররা। এরপর বোলাররা ভালো শুরু এনে দিলেও স্কোরবোর্ডে রান কম থাকায় ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

বাংলাদেশের এই হারের পেছনে শুরুতে কয়েকটি উইকেট পড়ে যাওয়া এবং বৃষ্টির ওপরও দায় দিয়েছেন লিটন। ম্যাচশেষে লিটন বলেন, ‘আমরা যখন টস হেরেছিলাম, তখন আমি বলেছিলাম যে বৃষ্টির মধ্যে টস একটা বড় বিষয় হবে। শুরুতে উইকেট পড়লে সুবিধা করা যায় না। আমার আর হৃদয়ের মধ্যে একটা জুটি হয়েছিল। কিন্তু বৃষ্টিতে সব পণ্ড হয়ে যায়।’



লিটন মনে করেন, এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। কিন্তু নিউজিল্যান্ড ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছে। তাই প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি লিটন। টাইগার অধিনায়ক বলেন, ‘দেখুন, এ ধরনের ম্যাচে ১০৩ রান কখনোই যথেষ্ট নয়। শরিফুল শুরুতেই উইকেট নিয়ে ম্যাচটা জমিয়ে তুলেছিল। তবে নিউজিল্যান্ড দলকে কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা ব্যাটিং ও বোলিং দুটোই খুব ভালো করেছে।’

শুরুতেই শরিফুল ৩টি উইকেট এনে দিয়ে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। শরিফুলের বোলিংয়ের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি চাই শরিফুল যেন প্রায়শই এভাবে বোলিং করে। ও শুরুতে উইকেট এনে দিলে তা দলকে অনেক সাহায্য করে।’

এদিন বৃষ্টি আসার আগে ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে লিটন-হৃদয়রা ফিরে যাওয়ার পর কেউই আর ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তাতে টেনেটুনে শতরান পেরিয়েই গুটিয়ে যায় টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট