
ইসরায়েলি ফুটবল কর্মকর্তা বাসিম শেখ সুলেমানের সঙ্গে ছবি তুলতে ও হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিব্রিল রাজুব। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বারবার অনুরোধেও তিনি কোনো সাড়া দেননি।
গত বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের শেষ দিনে রাজুব ও সুলেমান প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এরপর ফিফা সভাপতি দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা দিতেই উভয়কে মঞ্চে তার পাশে এসে ছবি তুলতে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ সরাসরি প্রত্যাখান করেন রাজুব। ইনফান্তিনো তাঁকে বারবার অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা (ফিলিস্তিনিরা) চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি।’
পরে জিব্রিল রাজুব সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে, তা অবর্ণনীয় এবং ভয়াবহ। গাজার সব ক্রীড়া অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, শত শত অ্যাথলেট ও ক্রীড়া–সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছে। আমি মনে করি, এখন সুবিচার করার সময় এসেছে।’
ফিলিস্তিনের ফুটবলপ্রধান আরও বলেন, ‘যিনি ইসরায়েলের পক্ষে কথা বললেন, ‘তিনি আমাদের ভোগান্তি বা বর্তমান পরিস্থিতির দিকে কোনো ভ্রুক্ষেপই করেননি। এমন একজন মানুষের সঙ্গে আমি কোনো ভাবেই হাত মেলাতে বা ছবি তুলতে পারি না।’
ক্রিফোস্পোর্টস/২মে২৬/টিএ




















