
গত বছর মাঠে গড়ানোর কথা ছিল ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের। তবে শেষ পর্যন্ত তা স্থগিত হয়। তবে চলতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টটির।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে পারে ছেলেদের সাফ। তবে সেটা এখনো নিশ্চিত নয়। সাফের জন স্পন্সর খুঁজছে আয়োজকেরা। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে সাফের ভেন্যু ও সময়সূচি ঘোষণা করবে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন।
এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আমরা পুরুষ সাফ আয়োজনের পরিকল্পনা করছি। টুর্নামেন্টের স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। সবকিছু নিশ্চিত হলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
সবশেষ ২০২৩ সালে ভারতের অনুষ্ঠিত হয়েছিল পুরুষ সাফের আসর। সেই আসরে খেলেনি শ্রীলঙ্কা। তবে অতিথি দেশ হিসেবে অংশ নিয়েছিল এশিয়ার দুই দেশ লেবানন ও কুয়েত। শেষ পর্যন্ত ফাইনালে কুয়েতকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ নবমবারের মতো শিরোপা ঘরে তোলে ভারত। এবারের সাফের আয়োজক দেশ হিসেবে আলোচনায় রয়েছে বাংলাদেশের নাম। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে পুরুষ সাফ নিয়ে অনিশ্চয়তা থাকলেও নারী সাফের ভেন্যু ও সময়সূচি ইতোমধ্যে ঠিক হয়েছে। আগামী মে-জুনে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। আসন্ন এই টুর্নামেন্টে খেলবে না পাকিস্তান। আয়োজক দেশ ভারত হওয়ায় টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছে তারা।
পাকিস্তান না থাকায় ৬ দল নিয়ে মাঠে গড়াবে এবারের নারী সাফ। এ নিয়ে পুরুষোত্তম বলেন, ‘সাফে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পাকিস্তান ফুটবল ফেডারেশন সময় চেয়েছিল। পরে তারা জানিয়েছে এই টুর্নামেন্টে অংশ নেবে না। তাই ৬ দেশ নিয়ে হবে নারী সাফ টুর্নামেন্ট। এপ্রিলের শেষে ৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।’
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত দুই আসরে টানা শিরোপা জিতেছে বাঘিনীরা। এবার ঋতুপর্ণা-আফঈদাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/বিটি























