
গল টেস্টের দ্বিতীয় দিনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দিনের খেলা শুরুর পর কিছু সময় খেললেও বৃষ্টির কারণে দীর্ঘ আড়াই ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। অবশেষে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে আবার শুরু হয় দ্বিতীয় দিনের খেলা।
বৃষ্টির কারণে দিনের খেলার দৈর্ঘ্যও কমিয়ে আনা হয়েছে। আজ সর্বোচ্চ ৭২ ওভার খেলা হবে।
বৃষ্টি নামার আগে বাংলাদেশ ছিল শক্ত অবস্থানে। ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩২৩ রান তুলেছে টাইগাররা। মুশফিকুর রহিম ১৫৯ রানে এবং লিটন দাস ৬১ রানে অপরাজিত থেকে ব্যাট করছিলেন।
আরও পড়ুন
» ক্লাব বিশ্বকাপে মাঠে নামার আগেই চিন্তার ভাঁজ, এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তা রিয়াল
» ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড়, ১৩ ছক্কায় অষ্টম সেঞ্চুরি
এর আগে দিনের শুরুতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন আর মাত্র ১২ রান যোগ করে ১৪৮ রানে আউট হন। শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দো এক দারুণ সুইংয়ে শান্তকে মিড অনে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন। মাত্র ২ রানের জন্য ‘ড্যাডি সেঞ্চুরি’ হাতছাড়া হয় শান্তর।
প্রথম দিনে অবশ্য দারুণ চাপে পড়েই শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। আসিথা ফার্নান্দো ও থারিন্দু রত্নায়েকের বোলিংয়ে ৪৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় সফরকারীরা।
তবে এরপর মুশফিকুর রহিম ও শান্ত মিলে গড়ে তোলেন ২৬৪ রানের এক রেকর্ড জুটি, যা বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। পরে মুশফিক ও লিটনের অবিচ্ছিন্ন জুটি থেকে যোগ হয় আরও ১১৪ রান। এই জুটিটি এখনো অপরাজিত।
সবমিলিয়ে গলে সিরিজের প্রথম টেস্টে এখন পর্যন্ত দাপুটে অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/আইএস






















