
গতকাল রাতে পিএসএলের ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে দলটি। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের দুই তারকা পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান। জয়ের পর তাদেরকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্রাঞ্চাইজিটির মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা।
লাহোরের হয়ে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে অবশেষে নিজের তৃতীয় ম্যাচে এসে নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার।
ম্যাচশেষে ড্রেসিং রুমে ইমনকে উদ্দেশ্য করে সামিন বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি বলতে হয়, ইমন তুমি কোথায়? দুর্দান্ত পারফরম্যান্স। তুমি একজন তারকা। আমি জানি তুমি চার নম্বরে খেলো, ওপেনিংয়েও খেলতে পারো। আজকে সবাই দেখেছে কত ভালো মানের ব্যাটার তুমি। তোমার ইনিংসটা ছিল দুর্দান্ত। ফখরের মতো একজন সিনিয়র ক্রিকেটারের অভাব একটুও বুঝতে দাওনি তুমি। আমি যদি বাংলায় বলি, তাহলে বলব আমি তোমাকে ভালোবাসি।’
মুলতানের বিপক্ষে বল হাতে দারুণ করেছেন মুস্তাফিজুর রহমান। ৩ ওভারে ৩৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। তার ঝুলিতে ছিল দুর্দান্ত ছন্দে থাকা শাহিবজাদা ফারহান ও শান মাসুদের উইকেট। সামিন মনে করেন, মুস্তাফিজ দলে থাকলে লাহোর সবসময়ই ম্যাচে থাকবে।
সামিন বলেন, ‘ফিজ ভাই কোথায়? ম্যাচের পরিস্থিতি বিবেচনায় প্রথম ওভারে তুমি যেভাবে বোলিং করেছে, সম্ভবত ৫ কিংবা ৬ রান দিয়েছিলে। তখনই তারা আরও চাপে পড়ে যায়। টি-টোয়েন্টিতে ব্যাটাররা সবসময় আক্রমণ করতে চাইবে। কিন্তু বোলিংয়ে তুমি আমাদের আত্মবিশ্বাসের জায়গা। আমরা জানি, ফিজ দলে থাকলে আমরা সবসময় ম্যাচে থাকব।’
গতকাল বৃষ্টির কারণে লাহোরে ১৩ ওভারে গড়ায় ম্যাচটি। প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল পুঁজি পায় লাহোর। জবাবে ব্যাট করতে নেমে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি মুলতান। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে লাহোর কালান্দার্স।
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৬/বিটি





















