
ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ও তার পরিবার অনলাইন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন তিনি। এমনকি তার ঘনিষ্ঠদের উদ্দেশ্য করেও আক্রমণমূলক বার্তা পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মূলত চলমান আইপিএলে একটি ম্যাচে বিরাট কোহলি ও ট্রাভিস হেডের মধ্যে মাঠে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৩ বিশ্বকাপের পরও একইভাবে অনলাইনে হেনস্তার শিকার হয়েছিল ট্রাভিস হেড পরিবার। এবারও সেই একই পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন জেসিকা।
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘দ্য অ্যাডভার্টাইজার’-কে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেন, ‘আমি ঘুম থেকে উঠে দেখি আমার সোশ্যাল মিডিয়া আক্রমণে ভরে গেছে। আমরা ঠিক আছি, কিন্তু তারা আমার বন্ধু ও পরিবারকে আক্রমণ করছে। তিনি আরও বলেন, ‘এটা বিশ্বকাপের (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ) পর হওয়া আক্রমণের মতো মনে হচ্ছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন হেড। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হয়েছিল তার পরিবার। এমনকি তাদের ছোট মেয়েকে নিয়েও হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছিল গণমাধ্যমে।
জেসিকা মনে করেন, খেলাধুলার জগতে সমর্থকদের মানসিকতা ও এ ধরনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা উচিৎ। তিনি বলেন, ‘সব খেলাতেই মানসিক স্বাস্থ্য, দৃষ্টিভঙ্গি এবং একে অপরের সঙ্গে কথা ভাষা কেমন হওয়া উচিৎ—এসব ব্যাপারে আলোচনা হওয়া দরকার। খেলাধুলায় আবেগ থাকবেই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে খেলোয়াড়েরাও মানুষ এবং তাদেরও পরিবার আছে।’
মূলত গত শুক্রবার (২২ মে) আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে বেঙ্গালুরুর। রান তাড়ার সময় মাঠে কোহলি ও হেডের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার পরই আউট হয়ে যান কোহলি। শেষ পর্যন্ত ৫৫ রানে ম্যাচটি হেরে যায় বেঙ্গালুরু।
ম্যাচশেষে হাত মেলানোর সময় হেডকে এড়িয়ে যান কোহলি। হায়দরাবাদের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করলেও হেডের সঙ্গে হাত মেলাননি। যা মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/বিটি





















